লেবাননে ইসরায়েলের স্থল অভিযান জোরদার, সেনা সংখ্যা বাড়ছে
শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ০৫:২০ পিএম | আপডেট: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ০৫:২০ পিএম
লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান ও ধারাবাহিক বোমাবর্ষণ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়তে থাকলেও দেশটির দক্ষিণাঞ্চলে আরও সেনা মোতায়েন করা হচ্ছে। বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ‘বাফার জোন’ সম্প্রসারণের লক্ষ্যে ১৬২তম ডিভিশনের সেনারা সেখানে কার্যক্রম শুরু করবে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননে আগে থেকেই দুটি ডিভিশন মোতায়েন ছিল, এবার তাদের সঙ্গে যুক্ত হচ্ছে ১৬২তম ডিভিশন। এর আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর হামলা ঠেকাতে দক্ষিণ লেবাননে বড় আকারের নিরাপত্তা অঞ্চল গঠনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা শুরু করলে পাল্টা জবাবে লেবাননে হামলা জোরদার করে ইসরায়েল।
ইসরায়েলি বাহিনী লেবাননের বিভিন্ন এলাকায় বিমান ও স্থল হামলা চালানোর পাশাপাশি দক্ষিণাঞ্চল ও রাজধানী বৈরুতের কিছু এলাকায় বসবাসকারীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এতে বড় ধরনের মানবিক সংকট তৈরি হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, মার্চের শুরু থেকে এখন পর্যন্ত ১২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ১,১১৬ জন নিহত ও ৩,২২৯ জন আহত হয়েছেন।
এদিকে ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও কানাডা এই স্থল অভিযানের ফলে ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেছে। তবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, দেশের উত্তরাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবাননের বাসিন্দাদের ফিরতে দেওয়া হবে না।
লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এই অভিযানের তীব্র সমালোচনা করে বলেছেন, এটি দেশটির সার্বভৌমত্বের জন্য হুমকি এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এ বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
অন্যদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, দক্ষিণ লেবাননে ধ্বংসযজ্ঞ গাজায় সংঘটিত ঘটনারই পুনরাবৃত্তি।
হিজবুল্লাহও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। সংগঠনটি একদিনেই ৪৫টির বেশি অভিযান চালানোর দাবি করেছে। তারা রকেট ও ড্রোন হামলার পাশাপাশি ইসরায়েলি ট্যাংক ও সামরিক যান লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানিয়েছে।
ইসরায়েল জানিয়েছে, হিজবুল্লাহর হামলায় তাদের এক নাগরিক নিহত ও কয়েকজন আহত হয়েছেন। এছাড়া লেবাননে অভিযানের সময় এক সেনা নিহত ও চারজন আহত হয়েছেন।
আরও পড়ুন
- মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা
- আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম
- ভারতীয় তেলবাহী জাহাজে মার্কিন হামলায় ৩ নাবিক নিহত
- 'বাঁচতে চাইলে এই অঞ্চল ছেড়ে যাও', মার্কিন হামলার পর ইরানের কঠোর হুঁশিয়ারি
- দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলি, নিহত ১২
- মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জবাবে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র
- ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
- ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে ফের ইসরায়েলের হামলা