1. »
  2. জাতীয়

ঢাকার ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে সরকারের উদ্যোগ

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ১১:২৫ পিএম | আপডেট: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ১১:২৫ পিএম

ঢাকার ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে সরকারের উদ্যোগ

রাজধানী ঢাকা-র যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে বড় উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে এক বিশেষ সভায় এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ শীর্ষক এ বৈঠকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দ্রুত বাস্তবায়ন করা গেলে এপ্রিলের শেষ নাগাদ যানজট অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে বেশ কিছু নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এর মধ্যে অন্যতম হলো—ঢাকার ১২০টি ট্রাফিক সিগন্যাল ধাপে ধাপে অটোমেশন করা। পাশাপাশি শহরের চারপাশে নতুন বাইপাস সড়ক নির্মাণ এবং ভেতরে ওভারপাস ও আন্ডারপাস তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে।

এছাড়া রাজধানীতে যত্রতত্র বাস কাউন্টার অপসারণ এবং শহরের ভেতরে থাকা পাঁচটি আন্তঃজেলা বাস টার্মিনাল বাইরে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এসব টার্মিনাল পরবর্তীতে সিটি সার্ভিস পরিচালনায় ব্যবহার করা হবে।

পরিকল্পনার অংশ হিসেবে রাস্তার দুই পাশ দখলমুক্ত করা, সড়কের মাঝখানে থাকা বিদ্যুতের খুঁটি সরানো এবং রেলক্রসিংয়ে অটো সিগন্যাল লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সিটি বাসগুলোকে জিপিএস ব্যবস্থার আওতায় আনা হবে।

পথচারীদের সুবিধায় অধিকাংশ ফুটওভার ব্রিজে চলন্ত সিঁড়ি বসানো এবং হাসপাতাল এলাকায় লিফট স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

সরকার আশা করছে, আগামী ৭ এপ্রিলের মধ্যে বেশ কিছু কার্যক্রম দৃশ্যমান হবে। এ লক্ষ্যে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে সমন্বয় করে কাজ এগিয়ে নেওয়া হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, পরিকল্পনাগুলো বাস্তবায়ন হলে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে এবং দীর্ঘদিনের যানজট সমস্যা অনেকটাই কমে যাবে।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)