বাড়ল জ্বালানি তেলের দাম
সোমবার, ২৩ মার্চ, ২০২৬ ১০:৩৪ এএম | আপডেট: সোমবার, ২৩ মার্চ, ২০২৬ ১০:৩৪ এএম
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন। একই সময়ে ইসরাইল জানিয়েছে, তাদের চলমান সামরিক অভিযান আরও কয়েক সপ্তাহ অব্যাহত থাকতে পারে—যা বাজারে উদ্বেগ আরও বাড়িয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রণালি চালু না হলে ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানায়, গ্রিনিচ মান সময় অনুযায়ী রোববার রাত ১০টায় বাজার খোলার সঙ্গে সঙ্গেই তেলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। মার্কিন অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর মে মাসের ডেলিভারি মূল্য প্রায় ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়, যদিও পরে কিছুটা কমে আসে।
একই সময়ে নর্থ সি ব্রেন্ট ক্রুডের মে মাসের ডেলিভারি মূল্য বেড়ে ব্যারেলপ্রতি ১১৩ দশমিক ৪৪ ডলারে পৌঁছে। তবে লেনদেন শুরুর প্রায় ৪৫ মিনিট পর তা কিছুটা কমে প্রায় ১১১ ডলারের কাছাকাছি স্থিতিশীল হয়।
উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরাইলি হামলা শুরুর আগের দিন ডব্লিউটিআই ও ব্রেন্ট ক্রুড তেলের দাম ছিল যথাক্রমে ৬৭ দশমিক ০২ এবং ৭২ দশমিক ৪৮ ডলার।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তা বিশ্ব জ্বালানি বাজারে নতুন করে চাপ সৃষ্টি করছে। পরিস্থিতি আরও জটিল হলে তেলের দামে বড় ধরনের ওঠানামার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ইরানের ছয় শর্ত
- ইসরাইলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলা
- কাতারের এলএনজি স্থাপনা ঠিক করতে লাগব ৫ বছর, ভুগবে বাংলাদেশ
- সোলাইমানি হত্যার প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
- আলী লারিজানি নিহত খবর নিশ্চিত করল ইরান
- ইরাকে মার্কিন বিমান হামলায় চারজন নিহত
- হরমুজ প্রণালি সচল রাখতে চীনের সহায়তা চাইলেন ট্রাম্প
- ইরানের ওপর আগ্রাসন বন্ধের আহ্বান তিন আমেরিকার দেশের