1. »
  2. সমগ্র দেশ

জামালপুরে ভাসমান সেতু ভেঙে নদীতে ডুবে নিহত বেড়ে ৫

রবিবার, ২২ মার্চ, ২০২৬ ০১:৪৩ পিএম | আপডেট: রবিবার, ২২ মার্চ, ২০২৬ ০১:৪৩ পিএম

জামালপুরে ভাসমান সেতু ভেঙে নদীতে ডুবে নিহত বেড়ে ৫

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ভাসমান সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে পড়ে আরও এক শিশুর মৃত্যু হওয়ায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।

শনিবার (২১ মার্চ) বিকেল ৪টার দিকে দেওয়ানগঞ্জ থানার সামনে ব্রহ্মপুত্র নদের ওপর স্থাপিত একটি ভাসমান সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো— ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার ১০ বছর বয়সী মেয়ে মায়ামনি, ঝালুরচর এলাকার শের আলীর ছয় বছর বয়সী ছেলে আব্দুল মোতালেব ও তার ১২ বছর বয়সী মেয়ে খাদিজা, বেলতলি এলাকার হাবিবুল্লাহর ১৪ বছর বয়সী ছেলে আবির হোসেন এবং বালু গ্রামের জয়নালের ছেলে হাফেজ মিহাদ (১৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে বিপুলসংখ্যক মানুষ সেতুটিতে ভিড় করেন। অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে সেতুটি ভেঙে পড়ে এবং অনেকে নদীতে পড়ে যান। তাদের মধ্যে বেশিরভাগই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও কয়েকজন শিশু নিখোঁজ হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে রাত সাড়ে ৯টার দিকে পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শেখ রবিউল ইসলাম আকন্দ জানান, নিখোঁজ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে আর কেউ নিখোঁজ নেই।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।