1. »
  2. জাতীয়

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ০৬:৩৪ পিএম | আপডেট: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ০৬:৩৪ পিএম

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২০ মার্চ) দেওয়া এক বাণীতে তিনি ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি মানবিক, উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। তিনি উল্লেখ করেন, পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা দেয়, যা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হওয়া উচিত।

তিনি আরও বলেন, ঈদ ধনী-গরিবসহ সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার শিক্ষা দেয়। এদিন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি।

বাণীতে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ঈদুল ফিতর দেশের জাতীয় ঐক্য, সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে। তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, ঈদের আনন্দ, রহমত ও বরকত যেন সবার জীবনে বর্ষিত হয় এবং দেশ ও জাতি শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যায়।