ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, স্বস্তিতে ঘরমুখী মানুষ
শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ১০:৫৭ এএম | আপডেট: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ১০:৫৭ এএম
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের চাপ কমে আসায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে। শনিবার ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে বাড়ি ফেরা মানুষের ভিড় থাকলেও বর্তমানে মহাসড়কে যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করছে, ফলে স্বস্তিতে গন্তব্যে পৌঁছাচ্ছেন যাত্রীরা।
এর আগে গত বুধবার সকাল থেকে গাজীপুরের চন্দ্রা এলাকায় প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যা পরবর্তীতে যমুনা সেতু পর্যন্ত পৌঁছে যায়।
সরেজমিনে দেখা যায়, মূলত যাত্রী ওঠানামা ও ভাড়া নিয়ে দরকষাকষির কারণে সড়কের দুই পাশে বাস, ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহন দাঁড়িয়ে থাকায় এই যানজট তৈরি হয়। এছাড়া যমুনা সেতুর আগে পর্যন্ত ব্যাটারিচালিত রিকশা-ভ্যান সার্ভিস লেন ও মূল সড়কে উঠে ভিড় বাড়ায়।
যানজটের সময় মহাসড়কে পুলিশের উপস্থিতি থাকলেও তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক যাত্রী।
বগুড়াগামী যাত্রী শফি অভিযোগ করেন, বুধবার সকাল ১১টায় মহাখালী থেকে রওনা দিয়ে গন্তব্যে পৌঁছাতে তার ১৭-১৮ ঘণ্টা সময় লেগেছে। তিনি মনে করেন, দায়িত্ব পালনে পুলিশের ঘাটতি ছিল।
বর্তমানে পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের মতে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার পর থেকেই মহাসড়কে যানবাহনের চাপ কমতে শুরু করে। গাজীপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত চার লেন সড়ক ব্যবহারের সুযোগ থাকায় যাত্রীরা নির্বিঘ্নে চলাচল করতে পারছেন।
এদিকে যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৪৫ হাজার ৬১০টি যানবাহন পারাপার হয়েছে, এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৭ লাখ ৪৬ হাজার ৮৫০ টাকা। আর গত পাঁচ দিনে মোট ২ লাখ ৫ হাজার ২৩৫টি যানবাহন পারাপার হয়েছে, যার টোল আদায় হয়েছে ১৫ কোটি ৩২ লাখ ৯০ হাজার ৭০০ টাকা।
সব মিলিয়ে, ঈদযাত্রার শেষ সময়ে এসে মহাসড়কে যানজট কমে যাওয়ায় স্বস্তি ফিরে পেয়েছেন ঘরমুখী মানুষ।
আরও পড়ুন
- দেশে এসেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ
- চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগাম ঈদের জামায়াত অনুষ্ঠিত
- মাদারীপুরে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ
- ব্রাহ্মণবাড়িয়ার তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ, আহত সাতজন
- চট্টগ্রামের টেরিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২
- আগামী ২৪ ঘন্টায় দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস
- তরুনীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, ইউএনওকে ওএসডি
- লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত