মহাসড়ক ও রেলস্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়
মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ১১:৪১ এএম | আপডেট: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ১১:৪১ এএম
ঢাকার কর্মজীবী মানুষ ঈদের আগে বাড়ির পথে রওনা দিতে শুরু করেছেন। সোমবার (১৬ মার্চ) শেষ কর্মদিবস হওয়ায় অফিস শেষে অনেকে সরাসরি ঘরমুখী হয়েছেন। এতে রাজধানী ফাঁকা হতে শুরু করেছে এবং জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক ও রেলস্টেশনগুলোতে ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
আজ মঙ্গলবার কমলাপুর রেলস্টেশনে লাখো মানুষের ভিড় দেখা গেছে, বগিগুলো কানায় কানায় ভর্তি। লঞ্চ ও সড়ক পথেও একই চিত্র লক্ষ্য করা যাচ্ছে। তবে ট্রেনের সিডিউল অক্ষত থাকায় যাত্রীরা স্বস্তি পাচ্ছেন।
রেলের কর্মকর্তারা জানিয়েছেন, আজ সকালে ট্রেনে সবচেয়ে বেশি ভিড় হবে এবং তা সামাল দিতে প্রস্তুতি নেওয়া হয়েছে।
শবেকদরের ছুটি মিলিয়ে এবারের ঈদের সরকারি ছুটি তুলনামূলক লম্বা। ফলে সড়কপথে বড় যানজট তৈরি হয়নি, যাত্রীরা ভেঙে ভেঙে চলাচল করছেন।
লঞ্চে যাত্রীর সংখ্যা বেড়েছে, বিশেষ করে জ্বালানি সংকটের কারণে বাস কম চলায় অনেকে আগে থেকে লঞ্চ কেবিন সংরক্ষণ করেছেন। সদরঘাটে অতিরিক্ত চাপ কমাতে বসিলা ঘাট থেকে আনুষ্ঠানিকভাবে লঞ্চ চলাচল শুরু হয়েছে। এতে করে সদরঘাটের যাত্রীচাপ কমেছে ।
ঢাকার প্রবেশমুখে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশেষ নজর রাখা হয়েছে মহাখালী, সায়েদাবাদ, গাবতলী, গুলিস্তান, উত্তরা, টঙ্গী ও গাজীপুর চৌরাস্তা এলাকায়।
আগে থেকেই শ্রমিক ও মালিক পক্ষের সাথে সরকার আলোচনা করে পোশাক কারখানার শ্রমিকদের ছুটি ধাপে ধাপে দেওয়ার মাধ্যমে যানজট কমানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, বাসের ভাড়া বাড়েনি; বরং কোথাও কমেছে। পর্যাপ্ত বাস রাখা হয়েছে এবং মূল সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছে।
পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক মো. হাদিউজ্জামান বলেন, ঈদযাত্রার চাপ কার্যকরভাবে সামাল দিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন, যা সব সময়ের জন্য কার্যকর হবে।
আরও পড়ুন
- কুষ্টিয়া সীমান্তে পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ও স্থানীয়রা
- পাবনায় স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যায় অভিযুক্তদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে তিনজনের মৃত্যু
- ৭০ ঘণ্টা পর সীমান্ত থেকে সেই ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ
- ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত, থানা ঘেরাও করে বিক্ষোভ
- তিন দশক পর টাঙ্গাইল চেম্বার অব কমার্সে নির্বাচন, আনন্দিত ব্যবসায়ীরা
- রায়ে সন্তুষ্ট রামিসার বাবা
- একাধিক সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি,
- ১৪৪ ধারা অমান্য করে টাঙ্গাইলে ফের সংঘর্ষ, তিন বাড়িতে আগুন