1. »
  2. জাতীয়

আজ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ১০:৪২ এএম | আপডেট: সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ১০:৪২ এএম

আজ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে দেশব্যাপী ৫৩টি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী গতকাল রোববার (১৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, প্রধানমন্ত্রী সকালে রাজধানী থেকে বিমানযোগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর-এ পৌঁছাবেন। সেখান থেকে সড়কপথে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হবেন।

দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ একটি খাল পুনঃখননের মাধ্যমে একযোগে দেশব্যাপী ৫৩টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। উদ্বোধন শেষে সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এর আগে শনিবার (১৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী ১৬ মার্চ দিনাজপুর থেকে শুরু হচ্ছে খাল খনন কর্মসূচি।’

নীলফামারীর সৈয়দপুরের রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার জানান, প্রধানমন্ত্রী সকাল ৯টায় সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে তিনি দিনাজপুরে যাবেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে যাবেন। সেখানে তিনি তাঁর নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন। পরে স্থানীয় সুধীজন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে ইফতারে অংশ নেবেন।

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সময়ে খনন করা অনেক খাল বর্তমানে ভরাট হয়ে গেছে। এসব খাল পুনঃখননের মাধ্যমে সেচব্যবস্থা উন্নয়ন, মাছ চাষ ও হাঁস পালনসহ খালনির্ভর অর্থনীতি শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে সাহাপাড়া-বলরামপুর খাল পরিদর্শন শেষে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেন, প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই খাল খননের ফলে প্রায় সাড়ে তিন লাখ মানুষ উপকৃত হবেন। এতে অতিরিক্ত বন্যার ঝুঁকি কমবে এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধা বাড়বে।

পানিসম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-এর সমন্বয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। খাল খননের পাশাপাশি পাড় সংরক্ষণ, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।