আজ বেলা ১১টায় শুরু জাতীয় সংসদের অধিবেশন
রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ১০:৫৭ এএম | আপডেট: রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ১০:৫৭ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রোববার (১৫ মার্চ) সকাল ১১টা থেকে আবারও শুরু হচ্ছে। গত বৃহস্পতিবার নতুন সংসদের যাত্রা শুরু হয়। সেদিন রাষ্ট্রপতির ভাষণের পর রোববার পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
রোববার জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রকাশিত দিনের কার্যসূচিতে রয়েছে—প্রশ্নোত্তর পর্ব এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কিত প্রশ্ন ও উত্তর। এর মধ্যে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এছাড়া জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি–৭১) এর আওতায় প্রাপ্ত নোটিশ নিষ্পত্তি, রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব এবং এ প্রস্তাবের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে বলে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন অনুষ্ঠিত হবে।
শনিবার সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সভাপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের কার্যসূচি ও সময়সূচি নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য আটটি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টি প্রশ্নসহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে। বিধি–৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ২৭টি নোটিশ এবং বিধি–১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের জন্য ৯৭টি নোটিশ পাওয়া গেছে।
এর আগে প্রথম অধিবেশনের শুরুতে খন্দকার মোশাররফ হোসেন-এর সভাপতিত্বে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করলে তা কণ্ঠভোটে গৃহীত হয়।
একইভাবে ডেপুটি স্পিকার হিসেবে কায়সার কামাল-এর নাম অনুমোদন করা হয়। নির্বাচনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান।
আরও পড়ুন
- সেই শিশুর জন্যে এবার উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি চায় না : প্রধানমন্ত্রী
- বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের ষ্ট্রদূতের বৈঠক
- মে মাসের মধ্যে হাম নিয়ন্ত্রণের আশাবাদ স্বাস্থ্যমন্ত্রী
- নিষেধাজ্ঞা শেষে আজ নদীতে নামছেন জেলেরা
- সংসদে শৃঙ্খলা মেনে দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী
- ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে চাপ পড়বে না: প্রধানমন্ত্রী
- দেশে ফিরছে যুক্তরাষ্ট্রে নিহত জামিলের মরদেহ