কাহারোলের সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে শুরু হবে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচি
১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ০৭:৪১ পিএম | আপডেট: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ০৭:৪১ পিএম
আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৮ মার্চ) দুপুর ২টায় দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খনন কর্মসূচির প্রস্তুতি পরিদর্শনকালে এ তথ্য জানান পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ পানি উন্নয়ন মন্ত্রণালয়ের সচিব এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ মার্চ আনুষ্ঠানিকভাবে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। জনস্বার্থ ও দীর্ঘদিনের জনদাবির ভিত্তিতে পর্যায়ক্রমে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাল পুনঃখননের কাজ সম্পন্ন করা হবে।
তিনি আরও বলেন, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে এই খাল খনন কর্মসূচি শুরু হচ্ছে। দিনাজপুরের কাহারোল এলাকায় দীর্ঘদিন ধরে এ কর্মসূচির দাবি ছিল।
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির আদলে সরকার সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বলরামপুর ও বীরগঞ্জ উপজেলার ভবানীপুর খাল খনন করা হবে।
তিনি জানান, বলরামপুর–সাইতারা এলাকায় ১২ কিলোমিটার দীর্ঘ খালটি খননের পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে একটি স্লুইসগেট নির্মাণ করা হবে। এর ফলে সেচ খরচ কমবে এবং কৃষকরা সরাসরি উপকৃত হবেন।
পানিসম্পদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ফারুক হোসেন বলেন, বিশ্বব্যাংকের ‘ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট’-এর আওতায় ১২ কিলোমিটার দীর্ঘ খালটি খনন করা হলে ওই অঞ্চলের প্রায় ৬ হাজার বিঘা জমি নতুন করে চাষাবাদের আওতায় আসবে।
তিনি আরও বলেন, অতীতে নদী ও খাল খননের ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের ঘাটতি ছিল। এবার সমন্বিতভাবে খনন কাজ সম্পন্ন করা হবে এবং ভবিষ্যতে খালগুলো পুনরায় ভরাট না হয় সে জন্য পানি উন্নয়ন বোর্ড নিয়মিত নজরদারি করবে।
আরও পড়ুন
- বন্ধ কারখানাগুলো চালুর উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
- ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানিতে শুল্ক অব্যাহতি দিল সরকার
- শপথ নিলেন সংরক্ষিত আসনের নারী এমপিরা
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা
- গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই: তথ্যমন্ত্রী
- উন্নয়নের স্বার্থে দেশের যেকোনো জায়গায় কাজ করতে নিজেকে প্রস্তুত রাখুন: প্রধানমন্ত্রী
- হেঁটে জেলা প্রশাসক সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী