1. »
  2. আন্তর্জাতিক

ইরান-ইসরায়েল যুদ্ধ দশম দিনে নিহতের সংখ্যা ছাড়াল ১২০০

সোমবার, ৯ মার্চ, ২০২৬ ১২:৪৬ পিএম | আপডেট: সোমবার, ৯ মার্চ, ২০২৬ ১২:৪৬ পিএম

ইরান-ইসরায়েল যুদ্ধ দশম দিনে নিহতের সংখ্যা ছাড়াল ১২০০

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান সোমবার (৯ মার্চ) দশম দিনে গড়িয়েছে। চলমান সংঘাতে এখন পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা এক হাজার ২০০ ছাড়িয়েছে। একই সঙ্গে আহত হয়েছেন শত শত মানুষ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালাচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানি বাহিনী নতুন করে কাতার, বাহরাইন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে। প্রায় চার ঘণ্টা আগে কাতারকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। তবে সেগুলো প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে কাতার। আল জাজিরার সাংবাদিকরা জানিয়েছেন, রাজধানী দোহার আকাশে অন্তত ১২টি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এদিকে বাহরাইন জানিয়েছে, সিত্রা এলাকায় ইরানি ড্রোন হামলায় অন্তত ৩২ জন আহত হয়েছেন। অন্যদিকে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শেবাহ তেলক্ষেত্র লক্ষ্য করে কয়েকটি ড্রোন হামলা চালানো হলেও সেগুলো ভূপাতিত করা হয়েছে এবং তেলক্ষেত্রটি তখন খালি ছিল।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, রাজধানী রিয়াদের উত্তরে দুটি ড্রোনও ভূপাতিত করা হয়েছে। একই সঙ্গে সৌদি আরব হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরান হামলা বন্ধ না করলে তারা যুক্তরাষ্ট্রকে তাদের ঘাঁটি ব্যবহার করে পাল্টা আক্রমণের অনুমতি দিতে পারে।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা ইরানের ছোড়া একটি প্রজেক্টাইল ভূপাতিত করেছে। তবে এর ধ্বংসাবশেষ পড়ে ফুজাইরাহ এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।