1. »
  2. জাতীয়

প্রধানমন্ত্রীর শেষ কথা ছিলো ‘নিজের আর আমার পরিবারের খেয়াল রেখ’ : আতিকুর রহমান রুমন

রবিবার, ৮ মার্চ, ২০২৬ ০৫:২৫ পিএম | আপডেট: রবিবার, ৮ মার্চ, ২০২৬ ০৫:৫১ পিএম

প্রধানমন্ত্রীর শেষ কথা ছিলো ‘নিজের আর আমার পরিবারের খেয়াল রেখ’ : আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ২০০৭ সালের ৭ মার্চ জোরপূর্বক তুলে নেওয়ার সময় তার সঙ্গে শেষবার ফোনে কথা হয়েছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, সেই সময় নিজের কথা না ভেবে তারেক রহমান তাকে বলেছিলেন, “নিজের আর আমার পরিবারের খেয়াল রেখো।”

রোববার (৮ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আতিকুর রহমান রুমন বলেন, স্বৈরাচারী শাসনামলে এ ধরনের কর্মসূচি আয়োজন করা সম্ভব ছিল না। কোনোভাবে অনুষ্ঠান করতে গেলেও পুলিশ বাধা দিত এবং অংশগ্রহণকারীদের গ্রেপ্তারসহ নানা হয়রানির শিকার হতে হতো। 

কান্নাজড়িত কণ্ঠে তিনি স্মৃতিচারণ করে বলেন, তারেক রহমানকে যখন জোর করে তুলে নেওয়া হচ্ছিল, তখন তার সঙ্গে তার শেষবার ফোনে কথা হয়েছিল। সে সময় নিজের কথা না ভেবে তারেক রহমান তাকে বলেছিলেন, “নিজের আর আমার পরিবারের খেয়াল রেখো।” তার ওপর কীভাবে নির্যাতন চালানো হয়েছিল, সে বিষয়টি সবারই জানা বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সকালে বের হয়ে বলেছেন, “চলো যুদ্ধ করি। এতদিন স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছি, এখন দেশের উন্নয়নের জন্য যুদ্ধ করি।”