1. »
  2. আন্তর্জাতিক

ইরানি জাহাজের নাবিকদের ফেরত না দিতে শ্রীলঙ্কার ওপর যুক্তরাষ্ট্রের চাপ: রয়টার্স

শনিবার, ৭ মার্চ, ২০২৬ ০৪:৩৬ পিএম | আপডেট: শনিবার, ৭ মার্চ, ২০২৬ ০৪:৩৬ পিএম

ইরানি জাহাজের নাবিকদের ফেরত না দিতে শ্রীলঙ্কার ওপর যুক্তরাষ্ট্রের চাপ: রয়টার্স

ভারত মহাসাগরে ডুবে যাওয়া একটি ইরানি যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া নাবিকদের ইরানে ফেরত না পাঠাতে শ্রীলঙ্কা সরকারের ওপর যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে বলে দাবি করেছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অভ্যন্তরীণ নথির ভিত্তিতে এ তথ্য জানা গেছে। একই বিষয়ে ভারত ও শ্রীলঙ্কায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতদের সঙ্গেও যুক্তরাষ্ট্র যোগাযোগ করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

খবরে বলা হয়, ইরানের রণতরী ডেনা ভারতের বিশাখাপত্তনমে একটি নৌ-মহড়ায় অংশ নিতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে ভারত মহাসাগরে জাহাজটির ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, মার্কিন সাবমেরিন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে জাহাজটি ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৮৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

হামলার পর আহতদের উদ্ধার করে শ্রীলঙ্কার নৌবাহিনী স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে। একই সময়ে ইরানের আরেকটি রণতরী আইআরআইএস বুশেহর-কেও আশ্রয় দিয়েছে শ্রীলঙ্কা। জাহাজটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় সেখান থেকে ২০৪ জনকে উদ্ধার করে কলম্বোতে পাঠানো হয়েছে। তাদের ইরানে ফেরানোর বিষয়েও আলোচনা চলছিল।

এর মধ্যেই ৬ মার্চ তারিখের একটি মার্কিন সরকারি নথির উল্লেখ করে রয়টার্স জানায়, কলম্বোয় নিযুক্ত মার্কিন দূতাবাসের কর্মকর্তা জেন হাওয়েল শ্রীলঙ্কা সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন। সেখানে বলা হয়েছে, ডেনা ও বুশেহর থেকে উদ্ধার হওয়া ইরানি নাবিকদের আপাতত ইরানে ফেরত পাঠানো উচিত নয়। নথিতে এসব নাবিককে ‘বন্দি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, ইরান এসব বন্দিকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রবিরোধী প্রচারণা চালাতে পারে—শ্রীলঙ্কা যেন সে প্রচেষ্টায় সহায়তা না করে। তবে এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। রয়টার্স শ্রীলঙ্কা সরকারের কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেনি।

নথি অনুযায়ী, ভারত ও শ্রীলঙ্কায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতদেরও এ বিষয়ে অবহিত করা হয়েছে। তারা জানতে চেয়েছেন, উদ্ধার হওয়া ইরানি নাবিকদের সঙ্গে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়েছে কি না এবং তাদের ইরান সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে উৎসাহ দেওয়া হচ্ছে কি না।

এর আগে শ্রীলঙ্কার এক মন্ত্রী জানান, ডুবে যাওয়া জাহাজ ডেনা থেকে উদ্ধার হওয়া মরদেহগুলো দেশে ফেরানোর জন্য ইরান সরকার কলম্বোর কাছে অনুরোধ জানিয়েছে। তবে কখন তা বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।