আকস্মিক হাসপাতাল পরিদর্শনে গিয়ে ডাক্তার না পেয়ে অসন্তোষ স্বাস্থ্যমন্ত্রীর
শনিবার, ৭ মার্চ, ২০২৬ ০৩:৪০ পিএম | আপডেট: শনিবার, ৭ মার্চ, ২০২৬ ০৩:৪০ পিএম
চিকিৎসকদের সময়মতো উপস্থিতি ও সেবার মান যাচাই করতে নরসিংদীর পলাশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)।
আজ শনিবার সকালে পূর্বঘোষণা ও প্রটোকল ছাড়াই ওই স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি হাজির হন। প্রায় সোয়া এক ঘণ্টা হাসপাতালে অবস্থান করেও কয়েকজন চিকিৎসক ও কর্মকর্তা উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।
সকাল সাড়ে আটটার দিকে স্বাস্থ্যমন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করলে সাধারণ রোগীরা জড়ো হন। হাসপাতালে প্রবেশ করেই মন্ত্রী সরাসরি হাজিরা খাতা ও ডিউটি রোস্টার যাচাই করেন। এতে দেখেন, বেশির ভাগ চিকিৎসক ও কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত।
এরপর জরুরি বিভাগ, প্যাথলজি ল্যাব ও বহির্বিভাগ ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ওষুধের মজুত ঠিক আছে কি না, যাচাই করেন। এ সময় তিনি বিভিন্ন বিষয়ে কর্মকর্তাদের নির্দেশনা দেন। পরে সরাসরি লাইনে দাঁড়িয়ে থাকা রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন মন্ত্রী।
এ সময় সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, ‘মাত্র ২৪ ঘণ্টা আগে একটি গণমাধ্যমে প্রতিবেদন হওয়ায় ভেবেছিলাম, সব ডাক্তারকে পাব। সাতজন ডাক্তারকে অনুপস্থিত পেয়েছি। আলোচনা করে নিয়ম অনুযায়ী যা করা দরকার, তা–ই করব। প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।’
এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি আলম মোল্লা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতিকুল ইসলাম, হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
চিকিৎসকদের অনুপস্থিত থাকার বিষয়ে জানতে চাইলে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, ২১ জন চিকিৎসকের মধ্যে ৫ জন দেরি করে হাসপাতালে এসেছেন আর ২ জন অনুপস্থিত। বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট থেকে দেখা যাচ্ছে, দেরি করে আসা চিকিৎসকেরা কেউ সাড়ে ৯টা, কেউ পৌনে ১০টায় হাসপাতালে এসেছেন।
আরও পড়ুন
- পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনায় দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৯ মার্চ আরও ২টি জ্বালানি জাহাজ আসছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই: জ্বালানি মন্ত্রী
- এতিম ও আলেমদের সঙ্গে ইফতারে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ২৮৬ ফ্লাইট বাতিলের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে চলাচল
- তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ
- বিএনপি সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় : স্বরাষ্ট্রমন্ত্রী
- সকলের প্রতি বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- বাড়ল ঈদের ছুটি