অভিনন্দন বিলবোর্ড অপসারণের নির্দেশপ্রধানমন্ত্রির
মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ ০৫:০৮ পিএম | আপডেট: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ ০৫:৪১ পিএম
রাজধানীর বিভিন্ন সড়কে বিলবোর্ড ও এলইডি স্ক্রিনে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে প্রদর্শিত বিজ্ঞাপন ও ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মঙ্গলবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি জানান, সকালে গুলশানের বাসভবন থেকে বের হয়ে হাতিরঝিলের পুলিশ প্লাজার সামনে প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত একটি ব্যানার দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে সেটি সরিয়ে ফেলার নির্দেশ দেন সরকারপ্রধান। পরে ব্যানারটি অপসারণ করা হয়।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে বিভিন্ন কোম্পানি প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে অভিনন্দনমূলক বিজ্ঞাপন প্রদর্শন করছে। এসব দ্রুত অপসারণে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। কয়েকদিন আগে বিজয় সরণীতেও একটি এলইডি স্ক্রিনে প্রধানমন্ত্রীর ছবি প্রদর্শিত হলে তিনি তা সরানোর নির্দেশ দেন।
অতিরিক্ত প্রেস সচিব জানান, রাজধানীর যানজট পরিস্থিতি ও যানবাহনের গতি নিয়ে একটি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভিভিআইপি প্রটোকল কমানো এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে।
তিনি বলেন, আগে রাজধানীতে যানবাহনের গড় গতি ছিল ৪ দশমিক ৫ কিলোমিটার, যা প্রায় হাঁটার গতির সমান। দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী ভিভিআইপি প্রটোকল সীমিত করে ট্রাফিক সিগন্যাল অনুসরণ করছেন। গত ১৪ দিনের পরিসংখ্যান অনুযায়ী, যানবাহনের গড় গতি বেড়ে ৫ দশমিক ৩ কিলোমিটারে উন্নীত হয়েছে। প্রধানমন্ত্রীর এ পদক্ষেপ অনুসরণ করে রাষ্ট্রপতি ও মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও সিগন্যাল মেনে চলাচল করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এদিকে খুচরা বাজারে মোটা চালের দাম বৃদ্ধির খবর প্রধানমন্ত্রীর নজরে এলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। অতিরিক্ত প্রেস সচিব জানান, তাৎক্ষণিক পদক্ষেপের ইতিবাচক প্রভাব বাজারে দেখা গেছে।
এদিন সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। এদিন তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক। বৈঠকে উপকূলীয় এলাকা ও বঙ্গোপসাগরে জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার রোধ এবং মৎস্যসম্পদ সুরক্ষায় নিয়মিত টহল জোরদার ও জেলেদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন
- ভিসা ছাড়াই ৩৬ দেশে ভ্রমণের সুযোগ বাংলাদেশিদের
- লালবাগ বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
- কৃষক স্বচ্ছল থাকলেই দেশ স্বচ্ছল থাকবে: প্রধানমন্ত্রী
- টাঙ্গাইল স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান
- চারুকলা থেকে বৈশাখী শোভাযাত্রা শুরু, বর্ণিল আয়োজনে জনস্রোত
- টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের প্রেসিডেন্টের সাক্ষাৎ
- ২০ এপ্রিল বগুড়ায় সিটি করপোরেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী