ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে কিশোরীকে তুলে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৫
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:৫৮ এএম | আপডেট: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:২৩ পিএম
নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়াকে কেন্দ্র করে ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ ও হত্যার অভিযোগে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় যৌথ অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিহত কিশোরীর মা বাদী হয়ে মাধবদী থানায় ৯ জনের বিরুদ্ধে মামলা করেন।
পরপরই জেলা পুলিশ ও র্যাব-১১ সিপিএসসি নরসিংদীর যৌথ অভিযানে মাধবদীর কোতালীরচর হোসেন বাজার এলাকা থেকে এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কোতালীরচর এলাকার মো. এবাদুল্লাহ (৪০), মো. আইয়ুব (৩০), হোসেন বাজার এলাকার গাফফার (৩৪), মহিষাশুরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য আহাম্মদ আলী দেওয়ান (৬৫) এবং তার ছেলে মো. ইমরান দেওয়ান (৩২)।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, এজাহারভুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের ধরতে অভিযান চলছে।
এর আগে বৃহস্পতিবার সকালে মহিষাশুরা ইউনিয়নের কোতালীরচর দড়িকান্দী এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় আমেনা আক্তার (১৫) নামে কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, নিহতের বাবা আশরাফ হোসেন বরিশালের বাসিন্দা। কাজের সুবাদে তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে মাধবদীর বিলপাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন। প্রায় ১৫ দিন আগে স্থানীয় কয়েকজন যুবক মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়।
বুধবার রাত ৯টার দিকে মেয়েকে নিয়ে খালার বাড়ির উদ্দেশে রওনা হন তার বাবা। বড়ইতলা এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক মেয়েটিকে বাবার কাছ থেকে ছিনিয়ে নেয়। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে পরিবার বাড়ি ফিরে যায়। পরদিন সকালে সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাটি জানাজানি হলে জেলাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি সুষ্ঠু তদন্ত ও সব অপরাধীর গ্রেপ্তার নিশ্চিত করার আহ্বান জানান এবং নিহতের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাস দেন।
আরও পড়ুন
- রাজধানীতে পারিবারিক বিরোধে ছুরিকাঘাত, নিহত ১
- বৈশাখী শোভাযাত্রা ঘিরে ঢাবিতে কড়া নিরাপত্তা
- পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুই স্টেশন
- তাপমাত্রা বাড়ার আভাস, জনজীবনে অস্বস্তির আশঙ্কা
- ডা. কামরুল ইসলামের হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার ৪
- ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
- আ. লীগের সাবেক এমপি সফুরা বেগম গ্রেপ্তার
- দেশে এলো ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ