1. »
  2. সমগ্র দেশ

রাজধানীতে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:০৮ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:০৮ পিএম

রাজধানীতে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত সিয়ামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে রাজধানীর কাঁঠালবাগান এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি ও পোশাক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত বিন্তি রায়েরবাজার উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। বুধবার রাত আটটার দিকে ছোট ভাই নাবিলের সঙ্গে বাসার নিচে নামলে হাজারীবাগের রায়েরবাজার এলাকায় নিজ বাসার সামনে দুর্বৃত্তের হামলার শিকার হয় সে। হট্টগোল শুনে পরিবারের সদস্যরা নিচে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

স্বজনরা দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়। রাত সোয়া ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা নাদিয়া বেগম অভিযোগ করেন, কয়েক বছর ধরে সিয়াম তার মেয়েকে মুঠোফোনে উত্ত্যক্ত করছিল। এ নিয়ে তাকে সতর্কও করা হয়েছিল। স্থানীয়দের বরাত দিয়ে তিনি দাবি করেন, মৃত্যুর আগে বিন্তি অভিযুক্তের নাম উল্লেখ করে গেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতের কাঁধ ও পিঠে ধারালো অস্ত্রের একাধিক গভীর আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

হাজারীবাগ থানা পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযুক্তকে ধরতে অভিযান শুরু হয়। গ্রেপ্তারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।