একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০২:১৭ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০২:১৭ পিএম
জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ‘একুশে পদক ২০২৬’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার ( ২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা পদক, সনদ ও নির্ধারিত অর্থ তুলে দেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এ বছর অভিনয়ে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার এবং স্থাপত্যে মেরিনা তাবাসসুম পদক লাভ করেন। সংগীতে (মরণোত্তর) কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুকে সম্মাননা প্রদান করা হয়। নৃত্যে অর্থী আহমেদ এবং পালাগানে ইসলাম উদ্দিন পালাকার পদক পেয়েছেন।
সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষাক্ষেত্রে অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার জস একুশে পদকে ভূষিত হন। এছাড়া সংগীতাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’ পদক গ্রহণ করে।
১৯৭৬ সাল থেকে ভাষা আন্দোলনের চেতনায় শিল্প-সংস্কৃতি, শিক্ষা, গবেষণা ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদক প্রদান করা হচ্ছে। এটি দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, তাঁদের অবদান ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম ও সৃজনশীল কাজে অনুপ্রাণিত করবে। অনুষ্ঠান শেষে বিকেলে তিনি অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন
- একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- সকালে দ্বিতীয় মন্ত্রিসভা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমান একুশে পদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত
- নবনিযুক্ত আইজিপিকে র্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মুস্তাকুর রহমান
- জামায়াতে ইসলামীর ইফতারে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
- একুশে বইমেলায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি
- দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি আলী হোসেন ফকির