দেশের আট উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৪৮ এএম | আপডেট: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৪৮ এএম
প্রাথমিকভাবে দেশের আটটি বিভাগের আটটি উপজেলায় চালু হতে যাচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি। এ উদ্যোগ বাস্তবায়নে অর্থমন্ত্রীকে সভাপতি করে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। দুস্থ ও হতদরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে এই কার্ড বিতরণ করা হবে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে সরকার ‘ফ্যামিলি কার্ড’ প্রদান সংক্রান্ত একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে।
অর্থমন্ত্রী কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন। সদস্য হিসেবে থাকবেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী, নারী ও শিশু ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, উপদেষ্টা মাহ্দী আমিন, উপদেষ্টা রেহান আসিফ আসাদ, মন্ত্রিপরিষদ সচিব, নারী ও শিশু মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব। এখানে ‘সচিব’ বলতে সিনিয়র সচিবও অন্তর্ভুক্ত থাকবেন।
কমিটি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উপযুক্ত কাঠামো ও নকশা প্রণয়ন করবে এবং সুবিধাভোগী নির্বাচনের পদ্ধতি নির্ধারণ করবে। প্রথম পর্যায়ে দেশের প্রতিটি বিভাগে একটি করে উপজেলা বাছাই করে কর্মসূচি চালু করা হবে।
সুবিধাভোগীদের তথ্যভান্ডার তৈরির জন্য জাতীয় পরিচয়পত্র ও ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেজের মধ্যে আন্তঃসংযোগ স্থাপন করে একটি ডিজিটাল এমআইএস প্রণয়নের সুপারিশ করা হবে। এছাড়া আসন্ন ঈদুল ফিতরের আগে ফ্যামিলি কার্ড বিতরণ শুরুর লক্ষ্যে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন প্রস্তুত করা হবে।
কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে। প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গে কমিটির কার্যক্রম কার্যকর হয়েছে।
আরও পড়ুন
- সেই শিশুর জন্যে এবার উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি চায় না : প্রধানমন্ত্রী
- বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের ষ্ট্রদূতের বৈঠক
- মে মাসের মধ্যে হাম নিয়ন্ত্রণের আশাবাদ স্বাস্থ্যমন্ত্রী
- নিষেধাজ্ঞা শেষে আজ নদীতে নামছেন জেলেরা
- সংসদে শৃঙ্খলা মেনে দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী
- ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে চাপ পড়বে না: প্রধানমন্ত্রী
- দেশে ফিরছে যুক্তরাষ্ট্রে নিহত জামিলের মরদেহ