অস্ট্রেলিয়া–শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার এইটে জিম্বাবুয়ে
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:০৭ এএম | আপডেট: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:০৭ এএম
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সুপার এইটে উঠেছে জিম্বাবুয়ে। গ্রুপের দুই সাবেক চ্যাম্পিয়ন—অস্ট্রেলিয়া ও স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে তারা জায়গা নিশ্চিত করেছে পরের রাউন্ডে।
গত ১৩ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়াকে হারানোর পর বৃহস্পতিবার কলম্বোতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে পরাজিত করে সিকান্দার রাজার দল।
চার ম্যাচে ৩ জয় ও একটি ড্র থেকে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’র শীর্ষে রয়েছে জিম্বাবুয়ে। সমান চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে উঠেছে শ্রীলঙ্কা। অন্যদিকে তিন ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থেকে এবারের আসর থেকে ছিটকে গেছে অস্ট্রেলিয়া।
ম্যাচে টসে জিতে আগে ব্যাট করে শ্রীলঙ্কা ৭ উইকেটে তোলে ১৭৮ রান। জবাবে জিম্বাবুয়ে ৩ বল হাতে রেখেই ৪ উইকেট হারিয়ে পৌঁছে যায় ১৮২ রানে। টি-টোয়েন্টিতে এটি জিম্বাবুয়ের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়।
জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অধিনায়ক সিকান্দার রাজা। ৫০ বলে ৮১ রান প্রয়োজন এমন অবস্থায় ব্যাট করতে নেমে তিনি ২৬ বলে ৪৫ রান করেন। রাজা আউট হওয়ার সময় জয়ের জন্য দরকার ছিল ১০ বলে ১২ রান। শেষ ওভারে প্রয়োজন পড়ে ৮ রান। মহীশ তিকশানার করা ওভারের প্রথম বলেই টনি মুনিওঙ্গা ছক্কা হাঁকালে ম্যাচ কার্যত জিম্বাবুয়ের হাতেই চলে যায়।
ওপেনার ব্রায়ান বেনেট ৪৮ বলে অপরাজিত ৬৩ রান করে দলের জয়ে বড় অবদান রাখেন। আগের ম্যাচেও তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ৬৪ রান করেছিলেন। এছাড়া তাদিওয়ানাশে মারুমানি ২৬ বলে ৩৪ এবং রায়ান বার্ল ১২ বলে ২৩ রানের কার্যকর ইনিংস খেলেন।
শ্রীলঙ্কার পক্ষে পাতুম নিশাঙ্কা ৬২ ও রত্নানায়েকে ৪৪ রান করেন। প্রথম ৬ ওভারে ৬১ রান তুললেও মাঝের ওভারগুলোতে গতি হারায় তারা। জিম্বাবুয়ের হয়ে গ্রায়েম ক্রেমার ২৭ রানে ২ উইকেট নেন, ইভান্স নেন ২ উইকেট।
আরও পড়ুন
- বিশ্বকাপ মাঠেও ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা, কড়া হুঁশিয়ারি ইরানের
- তিন লাল কার্ডের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিল মেক্সিকো
- শূন্য রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে অস্ট্রেলিয়া, স্বপ্নের শুরু বাংলাদেশের
- মেসি-ম্যাজিক, আইসল্যান্ডকে ৩-০ গোলে বিধ্বস্ত করল আর্জেন্টিনা
- ফিফার জাদুঘরে বাংলাদেশের জার্সি
- জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ, বৃষ্টির বাগড়ায় ম্যাচ স্থগিত
- শেষ মুহূর্তে দলে বড় পরিবর্তন আনল ব্রাজিল
- বিশ্বকাপের আগের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার দুর্দান্ত জয়