1. »
  2. জাতীয়

শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে, বিশৃঙ্খলার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:১৯ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:১৯ পিএম

শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে, বিশৃঙ্খলার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, নানা গুজব সত্ত্বেও রাজধানীসহ সারাদেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা নেই।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ডিএমপি কমিশনার বলেন, “গত ছয় মাস ধরে শোনা যাচ্ছিল—ভোট হবে না, নানা সমস্যা হবে। কিন্তু আজ আপনারা নিজেরাই দেখছেন, অত্যন্ত সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। কোথাও কোনো বড় ধরনের সমস্যা বা শঙ্কা নেই।”

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা একটি ঐতিহাসিক নির্বাচন আয়োজনের কথা বলেছিলেন। এখন পর্যন্ত পরিস্থিতি সে দিকেই এগোচ্ছে। দীর্ঘ ১৭ বছর পর মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করছে—এটা আনন্দের বিষয়। আমিও আজ ভোট দিয়ে সেই প্রক্রিয়ার অংশ হলাম।”

সকাল থেকে রাজধানীর ভোটকেন্দ্রগুলোতে শান্ত পরিবেশ বিরাজ করছে জানিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও নির্বাচনের ফল মেনে নেওয়ার মনোভাব প্রকাশ করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, “টেলিভিশনে দেখেছি, উভয় পক্ষই বলছে ফল যাই হোক তারা মেনে নেবে। যেহেতু স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হচ্ছে, সবাই সেটি গ্রহণ করবেন—এটাই স্বাভাবিক।”

দিনভর একইভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং সুষ্ঠুভাবে ভোট গণনা শেষে ফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন ডিএমপি কমিশনার।

২০১৮ সালের নির্বাচনের অভিজ্ঞতার কথা তুলে ধরে শেখ সাজ্জাত আলী বলেন, “এই কেন্দ্রেই ২০১৮ সালে ভোট দিতে এসেছিলাম। তখন এখানে আমার বাসা ছিল। কেন্দ্রের ভেতরে যাওয়ার পর আমাকে জানানো হয়েছিল, আমার ভোট দেওয়া হয়ে গেছে। এ কথা শুনে আমি সেদিন ভোট না দিয়েই ফিরে গিয়েছিলাম।”