ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান: রয়টার্স
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬ ০৭:০৪ পিএম | আপডেট: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬ ০৭:০৪ পিএম
লন্ডনে প্রায় দুই দশক নির্বাসনে থাকার পর দেশে ফেরার দুই মাসেরও কম সময়ের মধ্যে বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নানা কারণে এবারের নির্বাচন আগের সব নির্বাচনের তুলনায় ভিন্ন ও তাৎপর্যপূর্ণ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই আলোচিত নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জয়ী হতে পারেন এবং প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তিনি এগিয়ে রয়েছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, জনমত জরিপের পূর্বাভাস সঠিক হলে বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য নির্বাচন ৬০ বছর বয়সী এই মৃদুভাষী নেতার রাজনৈতিক জীবনে বড় ধরনের মোড় ঘুরিয়ে দিতে পারে। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হয়ে মুক্তি পাওয়ার পর চিকিৎসার প্রয়োজন দেখিয়ে তিনি লন্ডনে চলে যান।
গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। সে সময় তাকে ব্যাপক জনসমর্থনের মধ্য দিয়ে স্বাগত জানানো হয়। নির্বাচনী প্রচারণায় দেশের বিভিন্ন প্রান্তে অংশ নিয়ে তিনি ব্যস্ত সময় কাটিয়েছেন।
অন্যদিকে, ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এখনও দিল্লিতে অবস্থান করছেন। তারেক রহমানের মা প্রয়াত বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি ও শেখ হাসিনা দীর্ঘ সময় ধরে দেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করে এসেছেন। তারেক রহমানের বাবা প্রয়াত জিয়াউর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের একজন শীর্ষস্থানীয় নেতা এবং ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনা নয়াদিল্লির ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিলেন। অপরদিকে, তারেক রহমান কোনো একক দেশের ওপর নির্ভরশীল না থেকে আন্তর্জাতিক অংশীদারিত্ব পুনর্গঠন ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের অঙ্গীকার করেছেন।
নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে তিনি দরিদ্র পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা বাড়ানো, খেলনা ও চামড়াজাত পণ্যের মতো খাত বিকাশের মাধ্যমে পোশাক রপ্তানির ওপর নির্ভরতা কমানো এবং স্বৈরতান্ত্রিক প্রবণতা রোধে প্রধানমন্ত্রীর মেয়াদ দুই দফায় সীমাবদ্ধ করে মোট ১০ বছরের সময়সীমা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন।
দেশে ফেরার পর পরিস্থিতি দ্রুত বদলে যাওয়ায় সবকিছু ভাবার সময়ই পাননি বলে রয়টার্সকে জানান তারেক রহমান। স্ত্রী ও কন্যাকে নিয়ে ঢাকায় ফেরার পর থেকে সময় কীভাবে কেটে গেছে, তা বোঝার সুযোগ হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
দেশে ফেরার পর থেকেই তিনি নিজেকে একজন রাষ্ট্রনায়কসুলভ নেতা হিসেবে উপস্থাপনের চেষ্টা করছেন। তার বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলা ও অভিযোগকে তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, প্রতিশোধ কখনোই ইতিবাচক কিছু বয়ে আনে না। প্রতিশোধের রাজনীতি মানুষকে দেশ ছাড়তে বাধ্য করে। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন শান্তি ও স্থিতিশীলতা।
শেখ হাসিনার শাসনামলে তারেক রহমান দুর্নীতিসহ একাধিক মামলায় দণ্ডিত হন। ২০০৪ সালে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় ২০১৮ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ওই ঘটনায় বহু মানুষ নিহত ও আহত হন। তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি। শেখ হাসিনার পতনের পর এসব মামলা থেকে তিনি খালাস পান।
নির্বাসিত জীবনে লন্ডন থেকে নিজের দলের ওপর দমন–পীড়নের চিত্র দেখেছেন তারেক রহমান। দলের শীর্ষ নেতাদের কারাবরণ, কর্মীদের নিখোঁজ হওয়া এবং বিভিন্ন কার্যালয় বন্ধ করে দেওয়ার ঘটনাও প্রত্যক্ষ করেন তিনি।
দেশে ফেরার পর তার বক্তব্য ও রাজনৈতিক কৌশলে স্পষ্ট পরিবর্তন দেখা গেছে। তিনি আক্রমণাত্মক ভাষা পরিহার করে সংযম, পুনর্মিলন এবং ঐক্যের বার্তা দিচ্ছেন। ‘রাষ্ট্রের ওপর জনগণের মালিকানা’ পুনঃপ্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনের কথা তুলে ধরছেন তিনি।
দলের ভেতরে তারেক রহমানের অবস্থান শক্তিশালী। বিএনপির অভ্যন্তরীণ সূত্রগুলো জানায়, প্রার্থী নির্বাচন, নির্বাচনী কৌশল ও জোট আলোচনা—সবকিছুতেই তিনি এখন সরাসরি নেতৃত্ব দিচ্ছেন।
তারেক রহমান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও তা টিকিয়ে রাখাই হবে তার সর্বোচ্চ অগ্রাধিকার। তার ভাষায়, গণতন্ত্রের চর্চার মাধ্যমেই দেশকে সমৃদ্ধ ও পুনর্গঠন করা সম্ভব। গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে জবাবদিহিতাও নিশ্চিত হবে—আর সেটিই তার রাজনৈতিক লক্ষ্য।
আরও পড়ুন
- হাসপাতালে ভর্তি রুহুল কবির রিজভী
- বিএনপি একমাত্র দল যার আছে পরিকল্পনা, কর্মসূচি ও অভিজ্ঞতা : তারেক রহমান
- দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত : জামায়াত প্রার্থী
- বনানীসহ আট স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভায় আজ
- ঢাকার ছয়টি স্থানে আজ তারেক রহমানের জনসভা আজ
- ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর, ক্যাডেট কলেজ ও আইটি পার্ক চালু করা হবে : তারেক রহমান
- ঢাকা থেকে সৈয়দপুরের পথে তারেক রহমান
- বিএনপির নয়াপল্টনের সমাবেশ স্থগিত