আগামীকাল শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা
সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:২১ পিএম | আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:২১ পিএম
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টায়। গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া প্রচারণা ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে বন্ধ হবে।
নির্বাচন কমিশনের (ইসি) রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ১৮ ধারায় বলা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল, দলীয় মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কেউ ভোট গ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহের আগে নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না এবং ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে প্রচারণা শেষ করতে হবে।
এ বিষয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে রাজনৈতিক দল ও প্রার্থীদের সব ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধ থাকবে।
আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে সারা দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
সম্প্রতি জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করে নির্বাচন কমিশন। এ কারণে ওই আসনটি বাদ দিয়ে ২৯৯টি আসনে ভোট গ্রহণ করা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। এতে মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ৩৪ জন, যার মধ্যে ২৭৫ জন স্বতন্ত্র প্রার্থী। রাজনৈতিক দলগুলোর মধ্যে সর্বাধিক প্রার্থী দিয়েছে বিএনপি। দলটির ২৯১ জন প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৫৮ জন প্রার্থী হাতপাখা প্রতীক নিয়ে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২২৯ জন প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এবং জাতীয় পার্টির ১৯৮ জন প্রার্থী লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।
অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩২ জন প্রার্থী শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৭৬ জন ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
আরও পড়ুন
- নির্বাচনী অপরাধের বিচারে ৬৫৭ বিচারক নিয়োগ দিল আইন মন্ত্রণালয়
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারে নতুন নির্দেশনা জারি
- ভোটের দিন চালু থাকবে মেট্রোরেল, বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যা
- নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা
- উপদেষ্টা ও সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ
- রমজানে অফিসের সময়সূচি জানাল সরকার
- নির্বাচন উপলক্ষে তিন বাহিনী প্রধানের মতবিনিময়
- পোস্টাল ব্যালটে ভোট দিলেন কারাবন্দিরা