নির্বাচনী অপরাধের বিচারে ৬৫৭ বিচারক নিয়োগ দিল আইন মন্ত্রণালয়
সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০৭ পিএম | আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০৭ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী অপরাধের সংক্ষিপ্ত বিচার পরিচালনার জন্য ৬৫৭ জন বিচারক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। এই বিচারকরা ভ্রাম্যমাণ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) এ প্রজ্ঞাপন জারি করা হয়। এরই মধ্যে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ মনোনীত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের তালিকা নির্বাচন কমিশন সচিবের কাছে পাঠিয়েছে।
মনোনয়নসংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের ৩০০টি নির্বাচনি এলাকায় ভোট গ্রহণের আগের দুই দিন, ভোটের দিন এবং ভোট গ্রহণের পরের দুই দিনসহ মোট পাঁচ দিনের জন্য এসব বিচারক দায়িত্ব পালন করবেন। সে অনুযায়ী ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তারা নির্বাচনী অপরাধের বিচারিক দায়িত্বে থাকবেন।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৬৫৭ জন বিচারককে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে মনোনয়ন দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছে।
মনোনীত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটরা ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্বাচনী অপরাধ আমলে নেওয়া এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালনা করবেন। প্রয়োজনে তারা ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।
এর আগে নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নির্বাহী কার্যক্রম পরিচালনার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৩ ফেব্রুয়ারি সারা দেশে এক হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়। এসব নির্বাহী ম্যাজিস্ট্রেট আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিজ নিজ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।
আরও পড়ুন
- আগামীকাল শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারে নতুন নির্দেশনা জারি
- ভোটের দিন চালু থাকবে মেট্রোরেল, বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যা
- নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা
- উপদেষ্টা ও সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ
- রমজানে অফিসের সময়সূচি জানাল সরকার
- নির্বাচন উপলক্ষে তিন বাহিনী প্রধানের মতবিনিময়
- পোস্টাল ব্যালটে ভোট দিলেন কারাবন্দিরা