দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত : জামায়াত প্রার্থী
সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:০৪ এএম | আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:০৪ এএম
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জান্নাত লাভের কথা বলতে দেখা যায় এক প্রার্থীকে। ভিডিওতে বলা হয়, ইসলামের ও কোরআনের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিলে ভোটাররা সওয়াবের অংশীদার হবেন এবং তাদের জন্য জান্নাত অবধারিত হবে। অন্যদিকে কোরআনের বিরুদ্ধে ভোট দিলে গুনাহগার হতে হবে বলেও মন্তব্য করা হয়।
গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওটির দৈর্ঘ্য এক মিনিট ১৬ সেকেন্ড। ভাইরাল ভিডিওতে বক্তব্যদানকারী ব্যক্তি লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের দাঁড়িপাল্লার প্রার্থী এ আর হাফিজ উল্যাহ। তিনি জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এবং রামগতি উপজেলার বাসিন্দা।
খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনি এলাকার কমলনগর উপজেলার একটি ব্লকে চার থেকে পাঁচ দিন আগে গণসংযোগকালে দেওয়া বক্তব্য থেকেই ভিডিওটি ধারণ করা হয়। সেখানে দাঁড়িপাল্লায় ভোট না দিলে গুনাহ হবে এবং ভোট দিলে জান্নাত অবধারিত—এমন বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে।
ভিডিওতে দেখা যায়, মাইক হাতে হাফিজ উল্যাহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির কথা তুলে ধরে বলেন, এসব সুবিধা সাধারণ মানুষ পাচ্ছে না। পাশাপাশি তিনি অভিযোগ করেন, অন্যান্য রাজনৈতিক দল ক্ষমতায় গেলে দুর্নীতি, টেন্ডারবাজি ও চাঁদাবাজিতে জড়াবে। এ সময় তিনি দাঁড়িপাল্লায় ভোট দেওয়াকে ইসলামের পক্ষে অবস্থান নেওয়ার সঙ্গে তুলনা করেন।
অভিযোগের বিষয়ে জামায়াতের প্রার্থী এ আর হাফিজ উল্যাহ জানান, এটি তাদের একটি অভ্যন্তরীণ কর্মসূচির ভিডিও। বক্তব্যের অংশ বিশেষ কেটে নিয়ে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে দাবি করে তিনি বলেন, তিনি এ ধরনের বক্তব্য দেননি। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানানো হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন
- বিএনপি একমাত্র দল যার আছে পরিকল্পনা, কর্মসূচি ও অভিজ্ঞতা : তারেক রহমান
- বনানীসহ আট স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভায় আজ
- ঢাকার ছয়টি স্থানে আজ তারেক রহমানের জনসভা আজ
- ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর, ক্যাডেট কলেজ ও আইটি পার্ক চালু করা হবে : তারেক রহমান
- ঢাকা থেকে সৈয়দপুরের পথে তারেক রহমান
- বিএনপির নয়াপল্টনের সমাবেশ স্থগিত
- আজ বিএনপির নির্বাচনি ইসতেহার ঘোষণা
- গুপ্তরা এখন জালেম রূপে ফ্যাসিস্টদের রীতিনীতি প্রয়োগ করছে: তারেক রহমান