বিশ্বকাপ জটিলতা
জরুরি বৈঠকে যোগ দিতে লাহোরে বিসিবি সভাপতি
রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০১:০৭ পিএম | আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০১:০৭ পিএম
বিশ্ব ক্রিকেটে সাম্প্রতিক অস্থিরতা ও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আইসিসির সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে লাহোর পৌঁছেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
আজ রোববার (৮ ফেব্রুয়ারি) এই উচ্চপর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আলোচনা শেষে আজই তাঁর দেশে ফেরার কথা।
মূলত নিরাপত্তার কারণ দেখিয়ে আইপিএল থেকে বাংলাদেশি তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর একই কারণে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। বিসিবির পক্ষ থেকে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হলেও আইসিসি তাতে সায় দেয়নি।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বকাপ ভারতেই অনুষ্ঠিত হবে এবং সেখানে বাংলাদেশ দলকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা হবে। তবে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত হতে না পেরে শেষ পর্যন্ত আসরে দল না পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে বাংলাদেশ।
এদিকে বাংলাদেশের এই অবস্থানের প্রতি সংহতি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারা জানিয়েছে, বিশ্বকাপে অংশগ্রহণ করলেও ভারতের বিপক্ষে কোনো ম্যাচ খেলবে না পাকিস্তান। পিসিবির এমন অনড় অবস্থানে টুর্নামেন্টের সূচি ও আয়োজন নিয়ে বিশ্বজুড়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সার্বিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।
তবে ক্রিকেট বিশ্লেষকদের মতে, এই পাল্টাপাল্টি সিদ্ধান্ত ও বর্তমান সংকট বিশ্ব ক্রিকেট রাজনীতিতে এক সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে।
আরও পড়ুন
- এশিয়ান গেমসে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা, নেতৃত্বে লিটন দাস
- জাতীয় দলকে বিদায় জানালেন মেসি
- চেলসিতে যোগ দিলেন আর্জেন্টাইন এমি মার্তিনেজ
- বিলবাওকে হারিয়ে শীর্ষে বার্সা
- ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার প্রস্তাব ব্রাজিলের
- ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগ দাবিতে বিশ্বব্যাপী পিটিশন
- এ বছর হচ্ছে না বিপিএল
- ডারউইনে ইতিহাস