ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর, ক্যাডেট কলেজ ও আইটি পার্ক চালু করা হবে : তারেক রহমান
শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৫৯ পিএম | আপডেট: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৫৯ পিএম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঠাকুরগাঁওকে কৃষিনির্ভর অঞ্চল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এছাড়া ঠাকুরগাঁওয়ে যত দ্রুত সম্ভব হিমাগার, ক্যাডেট কলে, আইটি পার্ক স্থাপন বিমানবন্দর চালু করা হবে।
আজ শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা হাইস্কুল মাঠে নির্বাচনী জনসভায় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, গত এক যুগের বেশি সময় মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং মত প্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হয়েছে। যুবকরা কর্মসংস্থান পায়নি, নারীরা যথাযথ মূল্যায়ন পায়নি এবং তাদের স্বাবলম্বী করা হয়নি। কৃষকরাও প্রয়োজনীয় সহযোগিতা থেকে বঞ্চিত হয়েছেন।
তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। এজন্য বিএনপি ক্ষমতায় গেলে গৃহিণীদের হাতে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়া হবে।
কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। এর মাধ্যমে কৃষকরা সহজে ঋণ নিতে পারবেন এবং সার, বীজ ও কৃষি উপকরণ সংগ্রহ করতে পারবেন। বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে এবং সাধারণ মানুষের ক্ষুদ্র ঋণ পরিশোধের ব্যবস্থাও করা হবে।
তিনি বলেন, ঠাকুরগাঁওকে কৃষিনির্ভর অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে। এ অঞ্চলের তরুণ বেকারদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
এছাড়া পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের চিনি ও চা শিল্প পুনরুজ্জীবিত করা হবে, যাতে স্থানীয় মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পায়। ঠাকুরগাঁওয়ে একটি ক্যাডেট কলেজ নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি দ্রুত বিমানবন্দর চালু করা হবে।
কৃষিপণ্য সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ, যুবকদের জন্য আইটি পার্ক স্থাপন, চিকিৎসাসেবা উন্নয়নে হেলথ কেয়ার সেবা চালু, মেডিকেল কলেজ ও একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথাও জানান তারেক রহমান।
তিনি বলেন, জনসভায় রাজনীতিবিদদের পারস্পরিক সমালোচনায় জনগণের কোনো লাভ হয় না। জনগণের কল্যাণে বাস্তবসম্মত উন্নয়ন পরিকল্পনা তুলে ধরাই বিএনপির লক্ষ্য।
তিনি আরও বলেন, দেশের মালিক জনগণ। তাদের সহযোগিতা ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়। তাই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়ী করার আহ্বান জানান তিনি। জনগণের সমর্থন পেলে অতীতের মতো জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
তারেক রহমান বলেন, ১৯৭১ সালে আমরা দেশ স্বাধীন করেছি এবং পরবর্তীতেও দেশ রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ ছিল। ভবিষ্যতেও ধর্ম, বর্ণ ও মত নির্বিশেষে সবাইকে নিয়ে একটি নিরাপদ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে।
সমাবেশের শেষাংশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, বাংলাদেশ ২০ কোটি মানুষের দেশ এবং জনগণই সব ক্ষমতার উৎস। বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে, বাংলাদেশই তাদের প্রথম ও শেষ ঠিকানা।
আরও পড়ুন
- ঢাকা থেকে সৈয়দপুরের পথে তারেক রহমান
- বিএনপির নয়াপল্টনের সমাবেশ স্থগিত
- আজ বিএনপির নির্বাচনি ইসতেহার ঘোষণা
- গুপ্তরা এখন জালেম রূপে ফ্যাসিস্টদের রীতিনীতি প্রয়োগ করছে: তারেক রহমান
- বরিশালে নির্বাচনী মহাসমাবেশে উপস্থিত তারেক রহমান
- শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী মারা গেছেন
- ঢাকার বাইরে প্রচারণার শেষ দিনে বরিশাল–ফরিদপুরে তারেক রহমান
- প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান : দ্য ইকোনমিস্ট