আগামীতে হয়তো শুনতে হবে জামায়াত দেশের পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমেদ
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬ ০৫:৩৮ পিএম | আপডেট: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬ ০৫:৫১ পিএম
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা চলছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এভাবে চলতে থাকলে ভবিষ্যতে হয়তো শোনা যাবে—জামায়াত ইসলামী নাকি এ দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলার কোনাখালী ইউনিয়নের জংগলকাটা নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, যে রাজনৈতিক দল একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই জামায়াত ইসলামী আজ মুক্তিযুদ্ধের ইতিহাস ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, জামায়াতের আমির বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকে নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য বক্তব্য দিয়েছেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা অস্বীকার করার চেষ্টা করেছেন।
তিনি আরও বলেন, যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের কাছ থেকে ইতিহাস বিকৃতির চেষ্টা অস্বাভাবিক নয়। তবে বাংলাদেশের মানুষ সব জানে। জনগণ বোঝে—নতুন রূপে নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে উপস্থাপনের চেষ্টা সম্পূর্ণ প্রতারণা ও ভণ্ডামি।
জামায়াতের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, একজন মুক্তিযোদ্ধাকে দলে যুক্ত করে তারা কেবল একটি ‘সাইনবোর্ড’ দেখাতে চাইছে। কিন্তু দেশের প্রকৃত মুক্তিযোদ্ধারা এই অপচেষ্টা কখনো মেনে নেবে না এবং এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের সকল দেশপ্রেমিক মানুষ ও স্বাধীনতার পক্ষের শক্তি এই ইতিহাস বিকৃতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাবে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের দায়িত্ব হলো—শালীন ভাষায় হলেও দৃঢ়ভাবে এসব অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ করা।
নারীদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সম্প্রতি একটি মহল নারী সমাজকে চরমভাবে অপমান করেছে এবং কর্মজীবী নারীদের অসম্মানজনকভাবে উপস্থাপন করেছে। নারীদের কর্মঘণ্টা কমানোর প্রস্তাব আসলে নারীবান্ধব নয়; বরং এটি নারীদের কর্মসংস্থান ধ্বংসের একটি পরিকল্পনা।
এ সময় কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহীম চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। m
আরও পড়ুন
- জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
- সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি, জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ‘সরি, সরি’ বলে মঞ্চ ছাড়লেন এনসিপি নেতা
- বিলুপ্ত প্রজাতির গাছ বাচাঁতে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ
- মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের রাজনৈতিক সভা, এলাকাবাসীর নিন্দা
- বেইজিংয়ে বিএনপি-চীনের কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর
- বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
- মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের অবস্থা স্থিতিশীল : আফরোজা আব্বাস