দুই নম্বরি নয়, এবার ভোট দিয়েই জিততে হবে : ইসি সানাউল্লাহ
শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬ ০৩:০০ পিএম | আপডেট: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬ ০৩:০০ পিএম
এবার ভোট দিয়েই জিততে হবে, জেতার জন্য কোনো ধরনের দুই নম্বরি পদ্ধতির সুযোগ নেই—এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল ও ভিজিল্যান্স টিমের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসি মো. সানাউল্লাহ বলেন, “নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ পর্যন্ত এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি, যা পক্ষপাতমূলক। ভবিষ্যতেও দেওয়া হবে না। নির্বাচন সংশ্লিষ্ট কেউ যদি ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠতে ব্যর্থ হন এবং নিরপেক্ষতা হারান, তাহলে তার ব্যাপারে নির্বাচন কমিশন ভয়ানক কঠোর অবস্থান নেবে।”
নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “এটি শুধু গণতন্ত্রের প্রত্যাবর্তন বা গণতান্ত্রিক ধারা সুসংগঠিত করার নির্বাচন নয়। এই নির্বাচনের সঙ্গে জাতি হিসেবে আমাদের ভাবমূর্তি, আন্তর্জাতিক পরিমণ্ডলে অবস্থান, দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান জড়িত। সামাজিক স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলাও এর সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। তাই এটিকে কোনো নিয়মরক্ষার নির্বাচন হিসেবে দেখার সুযোগ নেই।”
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে তিনি বলেন, “ভয়ভীতি, ত্রাস কিংবা মব—এ ধরনের কোনো কিছুই যেন দায়িত্ব পালনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে না পারে।”
মতবিনিময় সভায় ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, সহকারী রিটার্নিং কর্মকর্তা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সকলের প্রতি বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- বাড়ল ঈদের ছুটি
- দেশের নয় উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে ‘কৃষি কার্ড’
- বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় শাহজালালে দুই শতাধিক ফ্লাইট বাতিল
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভা অনুষ্ঠিত
- সারাদেশে চাঁদাবাজদের তালিকা করে অভিযান চালাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী
- আনসার ও ভিডিপিকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর