রাজধানীর ওয়ারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬ ১০:৫১ এএম | আপডেট: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬ ১০:৫১ এএম
রাজধানীর ওয়ারী এলাকায় একটি রেস্টুরেন্টের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।
গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে ওয়ারী থানার পাস্তা ক্লাব রেস্টুরেন্টের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। আহতরা সবাই রেস্টুরেন্টের কর্মচারী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীদের ভাষ্য অনুযায়ী, রাতের ব্যস্ত সময়ে হঠাৎ বিকট শব্দে রান্নাঘরের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুন, ধোঁয়া ও তীব্র তাপ ছড়িয়ে পড়ে। এতে রান্নাঘরসহ আশপাশের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং সেখানে কর্মরত কর্মচারীরা দগ্ধ ও আহত হন। বিস্ফোরণের শব্দে পুরো ভবন কেঁপে ওঠে এবং নিচতলায় থাকা গ্রাহক ও আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে রয়েছেন ক্যাশিয়ার শাহ আলম (৪৫) এবং কর্মচারী ইউনুস (৩০), সৌরভ (২৫), মেহেদী (২৫), মোস্তফা (২৭), আবির (২২), জসিম (২৮) ও কামরুল (২০)। তাদের শরীরের বিভিন্ন অংশে দগ্ধ ও আঘাতের চিহ্ন রয়েছে।
উদ্ধারকাজে অংশ নেয়া ইউসুফ শেখ জানান, বিস্ফোরণের পর রান্নাঘরে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ায় ভেতরে ঢুকতে কিছুটা সময় লাগে। পরে আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন হারুনুর রশিদ জানান, দগ্ধ দুজন রোগী হাসপাতালে ভর্তি আছেন। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের অবস্থা তুলনামূলকভাবে গুরুতর হলেও অন্যজনের অবস্থা স্থিতিশীল।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মোট আহতদের মধ্যে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। বাকিদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনার পর রেস্টুরেন্টটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ বা ত্রুটিপূর্ণ সংযোগ থেকেই বিস্ফোরণ ঘটতে পারে।
আরও পড়ুন
- রাজশাহীতে সিএনজি-ভটভটির সংঘর্ষ, নিহত ৩
- তুরাগে গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের ১০ জন দগ্ধ
- পুরান ঢাকায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের ৩ জন দগ্ধ
- রাজধানীতে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
- চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ : শিশুসহ ৯ জন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক
- মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
- মৌচাক ফ্লাইওভারে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
- মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে ৪ জন নিহত