গৃহিণীদের ‘ফ্যামিলি কার্ড’ সুবিধা নিয়ে বিস্তারিত জানালেন তারেক রহমান
শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬ ১১:১৯ এএম | আপডেট: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬ ১১:১৯ এএম
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গৃহিণীদের জন্য নতুন সামাজিক সহায়তা কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ক্ষমতায় গেলে এই কার্ডের মাধ্যমে দেশের কোটি কোটি পরিবারকে নিয়মিত আর্থিক বা খাদ্য সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে বিএনপির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রচারিত এক পডকাস্টে কর্মসূচিটির বিস্তারিত তুলে ধরেন তারেক রহমান।
এ সময় একটি প্রতীকী ফ্যামিলি কার্ড প্রদর্শন করে তিনি বলেন, ‘এই ছোট্ট কার্ডটির নাম ফ্যামিলি কার্ড। দেশের কোটি কোটি মা-বোনের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে।’
তারেক রহমান জানান, কার্ডে গৃহকর্ত্রীর নাম, একটি ইউনিক নম্বর, নির্দিষ্ট মেয়াদ এবং স্ক্যানযোগ্য চিহ্ন থাকবে। এটি পরিবারভিত্তিক একটি সামাজিক সহায়তা ব্যবস্থার অংশ হিসেবে কাজ করবে।ধাপে ধাপে চার কোটি পরিবারকে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, একসঙ্গে সবাইকে অন্তর্ভুক্ত করা সম্ভব না হলেও পর্যায়ক্রমে সব পরিবারের কাছে পৌঁছানোর চেষ্টা থাকবে।
এই কার্ডের মাধ্যমে প্রতি পরিবার মাসে আড়াই হাজার টাকা সহায়তা পাবে। এই অর্থ নগদ হিসেবে অথবা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কেনার কাজে ব্যবহার করা যাবে বলে জানান তিনি।
ফ্যামিলি কার্ডের সুফল তুলে ধরে তারেক রহমান বলেন, এই সহায়তার ফলে পরিবারগুলো সঞ্চয়ের সুযোগ পাবে। সেই সঞ্চয় সন্তানদের খাদ্য, স্বাস্থ্যসেবা ও শিক্ষায় ব্যয় করা যাবে। পাশাপাশি গ্রামীণ নারীরা প্রয়োজনে এই অর্থ ক্ষুদ্র বিনিয়োগে ব্যবহার করে পরিবারের জন্য অতিরিক্ত আয়ের পথ তৈরি করতে পারবেন।
কার্ড বিতরণ প্রসঙ্গে তিনি জানান, দেশে আনুমানিক চার কোটি পরিবার রয়েছে, যার প্রায় ৭০ শতাংশ গ্রামে এবং ৩০ শতাংশ শহরে বসবাস করে। কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে প্রথমে গ্রামাঞ্চল এবং পরবর্তীতে শহরের দরিদ্র, নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত এলাকাগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।
তারেক রহমান আরও বলেন, এই কার্ড গৃহকর্ত্রীর নামে ইস্যু করা হবে। কৃষক, শিক্ষক, ভ্যানচালক, ক্ষুদ্র ব্যবসায়ী এমনকি সরকারি কর্মকর্তার স্ত্রীও এই কার্ড পাবেন। তবে যাদের এই সহায়তার প্রয়োজন নেই, তারা কার্ড ফিরিয়ে দেবেন—এটাই দলের প্রত্যাশা।
এ বিষয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, নির্বাচন সামনে রেখে পডকাস্টের মাধ্যমে তারেক রহমান জনগণের সামনে নিজের দর্শন, চিন্তা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরছেন।
তিনি বলেন, জনগণ এখন অবাস্তব প্রতিশ্রুতি নয়, বরং স্পষ্ট অঙ্গীকার ও বিশ্বাসযোগ্য নেতৃত্ব চায়। এসব পডকাস্টে ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষক কার্ড, পরিবেশ সুরক্ষা, ক্রীড়া ও যুব উন্নয়নসহ বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হবে।
আরও পড়ুন
- বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
- মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের অবস্থা স্থিতিশীল : আফরোজা আব্বাস
- ডিএসসিসি মেয়র পদে প্রার্থিতার ঘোষণা দিলেন নীলা ইসরাফিল
- ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের কমিটিতে সারোয়ার হোসেন
- বিএনপির আইন বিষয়ক সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল
- সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি
- ক্ষমা চাইলেন নাসিরুদ্দিন পাটোয়ারী
- নিজের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দিতে জামায়াত আমিরের চিঠি