সাত জেলার নির্বাচনী সমাবেশ শেষে ঢাকায় ফিরেছেন তারেক রহমান
শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬ ১০:১৯ এএম | আপডেট: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬ ১০:১৯ এএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রচারের প্রথম দিনেই তিনি টানা ১৬ ঘণ্টায় সিলেট থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত সাত জেলার জনসমাবেশে অংশ নেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী সমাবেশে বক্তব্যের মধ্য দিয়ে প্রচারণা শুরু করেন তারেক রহমান।
এরপর বিকেল ৩টায় মৌলভীবাজার, সন্ধ্যা সোয়া ৬টায় হবিগঞ্জ এবং রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন তিনি।
রাত সোয়া ১২টায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় সমাবেশে বক্তব্য রাখার পর রাত ৩টার দিকে নরসিংদীর পৌর পার্কসংলগ্ন মাঠে পৌঁছান বিএনপির চেয়ারম্যান। সেখানে সমাবেশ শেষে ভোররাত ৪টা ১৬ মিনিটে নারায়ণগঞ্জের একটি মাঠে প্রথম দিনের শেষ নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন তিনি। এরপর তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
নির্বাচনী সমাবেশগুলোতে তারেক রহমান ধানের শীষের পাশাপাশি বিএনপির সঙ্গে আসন সমঝোতায় থাকা প্রার্থীদের পক্ষেও ভোট চান।
একই সঙ্গে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে সারাদেশে খাল খনন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হবে। বেকারদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতা চালুর প্রতিশ্রুতিও দেন তিনি।
শেষ কয়েকটি সমাবেশে ভোররাত পর্যন্ত নেতাকর্মীদের অপেক্ষায় রাখার জন্য দুঃখ প্রকাশ করেন বিএনপির চেয়ারম্যান।
বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, নির্বাচনী প্রচারের প্রথম দিনে সাতটি সমাবেশ শেষে তারেক রহমান বাসায় ফিরেছেন। তিনি বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ গাউসিয়া এলাকায় শেষ সমাবেশ শেষে ভোররাতের কিছু সময় পর তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন।
সিলেট থেকে শুরু হওয়া টানা এই সফরের প্রতিটি জনসমাবেশেই বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে।
আজ শুক্রবার তারেক রহমান নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৭-এর ভাসানটেকের বিআরবি ময়দানে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে।
আরও পড়ুন
- বিএনপির নয়াপল্টনের সমাবেশ স্থগিত
- আজ বিএনপির নির্বাচনি ইসতেহার ঘোষণা
- গুপ্তরা এখন জালেম রূপে ফ্যাসিস্টদের রীতিনীতি প্রয়োগ করছে: তারেক রহমান
- বরিশালে নির্বাচনী মহাসমাবেশে উপস্থিত তারেক রহমান
- শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী মারা গেছেন
- ঢাকার বাইরে প্রচারণার শেষ দিনে বরিশাল–ফরিদপুরে তারেক রহমান
- প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান : দ্য ইকোনমিস্ট
- ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান