প্লট দুর্নীতি মামলা
হাসিনা-টিউলিপ-ববিসহ ১৭ জনের বিরুদ্ধে রায় ২ ফেব্রুয়ারি
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬ ১১:২০ এএম | আপডেট: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬ ১১:২০ এএম
ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ভাগিনা রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, ভাগনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণার তারিখ আগামী ২ ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন আদালত।
১৮ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এ দিন ধার্য করেন। আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এদিন মামলাটির যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল। কারাগারে থাকা একমাত্র আসামি সাবেক রাজউক সদস্য খুরশীদ আলমকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী অ্যাডভোকেট শাহীনুর ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করে বলেন, দুদক অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে এবং তিনি খুরশীদ আলমের খালাস প্রার্থনা করেন। অন্য আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে কোনো যুক্তিতর্ক উপস্থাপন করা সম্ভব হয়নি।
অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী হাফিজুর রহমান যুক্তিতর্ক উপস্থাপন করে আসামিদের সর্বোচ্চ শাস্তি, যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যাশা করেন। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত রায়ের জন্য আগামী ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।
মামলার অন্য আসামিরা হলেন— গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, শেখ হাসিনার সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন, মন্ত্রণালয়ের সাবেক সচিব শহীদ উল্লা খন্দকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, সাবেক পরিচালক শেখ শাহিনুল ইসলাম, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক সদস্য সামসুদ্দীন আহমদ চৌধুরী, তন্ময় দাস, সাবেক সহকারী পরিচালক ফারিয়া সুলতানা, মাজহারুল ইসলাম এবং সাবেক উপপরিচালক নায়েব আলী শরীফ।
এর আগে গত ১৩ জানুয়ারি শেখ হাসিনা ও তাঁর ভাগনি আজমিনা সিদ্দিক রূপন্তীর বিরুদ্ধে প্লট বরাদ্দ-সংক্রান্ত আরেকটি দুর্নীতির মামলার রায়ের জন্য একই দিন নির্ধারণ করে আদালত।
দুদক শেখ হাসিনা, তাঁর ছেলে সজিব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, তাঁর দুই মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে পৃথক ছয়টি মামলা করে। এর মধ্যে শেখ হাসিনা পরিবারের তিনটি মামলার বিচার শেষে সাজা ঘোষিত হয়েছে। শেখ রেহানা ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধেও একটি মামলায় সাজা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদে থাকার সময় শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করেন। যোগ্যতা না থাকা সত্ত্বেও তারা পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে সরকারি প্লট বরাদ্দ নেন।
আরও পড়ুন
- আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- আবু সাইদ হত্যায় ২ আসামির মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
- আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি
- আবু সাঈদ হত্যা মামলার রায় বৃহস্পতিবার
- হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরী কারাগারে
- সাবেক দুই সেনা কর্মকর্তাকে ৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
- মানবতাবিরোধী মামলায় আমৃত্যু দণ্ডপ্রাপ্ত আকরাম হোসেন খালাস