মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলে
ইসিতে আপিলের শেষ দিন আজ
শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬ ০২:২৩ পিএম | আপডেট: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬ ০২:২৩ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ দিনের কার্যক্রম আজ নির্বাচন কমিশনে (ইসি) চলছে।
আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে অঞ্চলভিত্তিক বুথে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল জমা দিতে শুরু করেন। কমিশন জানিয়েছে, বিকেল ৫টা পর্যন্ত এসব আপিল আবেদন গ্রহণ করা হবে।
এর আগে গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে ৩০০টি সংসদীয় আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র যাচাই করেন। এর মধ্যে ১ হাজার ৮৪২টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং ৭২৩টি বাতিল করা হয়।
ইসি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে গত চার দিনে নির্বাচন কমিশনে মোট ৪৬৯টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে বৃহস্পতিবারই সর্বোচ্চ ১৭৪টি আপিল করা হয়। সেদিন মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ১৬৪টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ১০টি আপিল দায়ের করা হয়।
এর আগে বুধবার ১৩১টি, মঙ্গলবার ১২২টি এবং সোমবার প্রথম দিনে ৪২টি আপিল আবেদন জমা পড়ে। সোমবার জমা পড়া আপিলগুলোর মধ্যে ৪১টি ছিল মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে এবং একটি ছিল মনোনয়নপত্র গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, আপিল আবেদনের শুনানি আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনের বেজমেন্ট-২-এর অডিটোরিয়ামে এসব শুনানি অনুষ্ঠিত হবে এবং প্রতিদিন গড়ে প্রায় ৭০টি করে আপিলের শুনানি নেওয়ার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন
- ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী
- আমি যেন বাবার স্বপ্ন পূরণ করতে পারি : বিমানমন্ত্রী
- সিংগাইর হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, গাফলতি করলেই বিভাগীয় ব্যবস্থা
- আগামীকাল ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
- স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
- আজ থেকে দেশে আবার গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী তারেক রহমান