রাজধানীতে জেঁকে বসেছে শীত
শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ ১২:৩৬ পিএম | আপডেট: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ ১২:৩৬ পিএম
রাজধানী ঢাকায় শীতের প্রকোপ আরও বেড়েছে। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসের কারণে ঢাকাসহ আশপাশের এলাকায় তাপমাত্রা কমতে শুরু করেছে। আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে প্রায় ১৩ ডিগ্রি সেলসিয়াসে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকবে এবং উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪০ মিনিটে।
অন্যদিকে, সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এর ফলে সড়ক যোগাযোগের পাশাপাশি অভ্যন্তরীণ নৌ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে অনেক এলাকায় দৃশ্যমানতা কমে যেতে পারে এবং শীতের অনুভূতিও আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জানা গেছে, ঘন কুয়াশায় মেঘনা নদীতে দুটি লঞ্চের সংঘর্ষের ঘটনায় এখনো পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও অনেকে আহত বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে। সাধারণ যাত্রী ও আহতদেরকে অন্য আরেকটি লঞ্চে করে ঢাকা পাঠানো হয়েছে।
আরও পড়ুন
- কুষ্টিয়া সীমান্তে পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ও স্থানীয়রা
- পাবনায় স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যায় অভিযুক্তদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে তিনজনের মৃত্যু
- ৭০ ঘণ্টা পর সীমান্ত থেকে সেই ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ
- ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত, থানা ঘেরাও করে বিক্ষোভ
- তিন দশক পর টাঙ্গাইল চেম্বার অব কমার্সে নির্বাচন, আনন্দিত ব্যবসায়ীরা
- রায়ে সন্তুষ্ট রামিসার বাবা
- একাধিক সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি,
- ১৪৪ ধারা অমান্য করে টাঙ্গাইলে ফের সংঘর্ষ, তিন বাড়িতে আগুন