বেগম খালেদা জিয়ার চিকিৎসা আপাতত এভারকেয়ারেই চলবে : ডা. জাহিদ
রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫ ১০:৩১ এএম | আপডেট: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫ ১০:৩১ এএম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা আপাতত রাজধানীর এভারকেয়ার হাসপাতালেই চলবে। তাকে বিদেশে নেওয়া হবে কি না, সেটি তার শারীরিক সুস্থতা ও মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
শনিবার (২৯ নভেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সপ্তাহখানেক ধরে এই হাসপাতালেই চিকিৎসা চলছে ৮০ বছর বয়সী বিএনপি চেয়ারপারসনের।
তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার হৃদ্যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। দুই দিন ধরে তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়ে আসছেন দলটির নেতারা।
ডা. জাহিদ হোসেন বলেন, প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা সিদ্ধান্ত নেন যে খালেদা জিয়ার আরো নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা দরকার।
এরপর তার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তক্রমে গত ২৭ তারিখ সকালবেলা খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়। হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সার্বিক কার্যক্রম তদারকি করছেন তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
যুক্তরাষ্ট্র, চীনসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শক্রমে এই হাসপাতালে চিকিৎসা অব্যাহত আছে এবং থাকবে বলে জানান ডা. জাহিদ।
এসময় হাসপাতাল এলাকায় ভিড় না করতে অনুরোধ জানিয়ে তিনি বলেন, এখানে বিএনপি চেয়ারপারসনের পাশাপাশি আরো অনেক রোগী ভর্তি আছেন।
তাদের কারো চিকিৎসা কার্যক্রম যেন ব্যাহত না হয়, সে জন্য যথাসম্ভব ভিড় কম করে যার যার অবস্থান থেকে নিজ নিজ ধর্ম অনুসারে সবাই তার সুস্থতার জন্য দোয়া-প্রার্থনা করবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খালেদা জিয়ার এই ব্যক্তিগত চিকিৎসক বলেন, বিদেশে নেওয়ার বিষয়টি খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। মেডিক্যাল বোর্ড এমন কোনো সিদ্ধান্ত নিলে আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন
- রাজধানীর যানজট নিরসনে বিশেষজ্ঞদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় শাহ আমানত বিমানবন্দরে ২৫ ফ্লাইট বাতিল
- প্রবাসীদের নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রীর উদ্বেগ, দিলেন জরুরি নির্দেশনা
- হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
- ভূমিকম্প মোকাবেলায় সরকারের নতুন উদ্যোগ, দ্রুত কার্যকরের নির্দেশ
- ঠাকুরগাঁও মেডিকেল কলেজের সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল
- ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
- একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান